গাইরতহীন স্বামীর ঘর থেকে স্ত্রীর পলায়ন !

 

মেয়েটা কুরআনের হাফেজা। একটি কওমি মহিলা মাদরাসার ছাত্রী। দাওরায়ে হাদিস ক্লাসে পড়ত। কিছুদিন গেলেই সে একাডেমিকভাবে আলেমা হয়ে যাবে। হিফজ শেষ করে আলেমা হতে হতে সে পূর্ণ যৌবনা হয়ে গিয়েছিল। হাফেজা-আলেমা মেয়ে হিসেবে তার কদর ছিল অনেক। আমাদের দ্বীনি কমিউনিটিতে অনেক আলেমা মেয়ে পাওয়া গেলেও হাফেজা মেয়ে পাওয়া বেশ দুষ্কর।


হাফেজা-আলেমা মেয়েদের প্রতি আমাদের সমাজের মায়েদের আবার আদিখ্যেতা একটু বেশি। এমন মেয়েকে পুত্রবধূ বানাতে পারলে তারা মনে করেন দুনিয়াতেই জান্নাত জুটিয়ে ফেলেছেন! এর ব্যতিক্রম না আমার গর্ভধারিণী মাও; তিনিও তাঁর পরিচিত এক হাফেজা-আলেমা মেয়েকে পুত্রবধূ করার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। অবশ্য সেই মেয়ের পরিবার মেয়েকে বিলেত বিয়ে দেওয়ার জন্য মান্নত করে রাখায় আমার মায়ের সেই স্বপ্ন পূরণ হয়নি!


যাকগে, মূল কাহিনিটাই বলি। তো দাওরায়ে হাদিস পড়ুয়া সেই হাফেজা-আলেমা মেয়েটিকে পুত্রবধূ করে নেওয়ার জন্য বড্ড শখ জাগল পার্শ্ববর্তী এলাকার এক মায়ের। তিনি দৌড়ে ছুটে এলেন মাদরাসায়। মেয়েটাকে দেখতে। পছন্দও হলো মেয়েকে। তার অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, পারলে এখানেই মাদরাসায় মেয়েটিকে কবুল বলিয়ে উঠিয়ে নিয়ে যান পুত্রবধূ করে। অথচ, একবারও ভাবলেন না-তার বজ্জাত ছেলেটা আদৌ এই মেয়ের উপযুক্ত কি না!


ছেলের পরিবার ছিল অবস্থাপন্ন। গোয়াল ভরা গরু; পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধান। ফলে যা হওয়ার তা-ই হলো। এমন সম্বন্ধ হাতছাড়া করতে চায় না মেয়ের পরিবার। তারা একপায়ে খাড়া! অথচ, একবারও ভাবল না মেয়েটির কথা। তাদের এত শখের হাফেজা-আলেমা মেয়ের উপযুক্ত কি না ওই পাত্র! মেয়েরও তো একটা শখ আছে। স্বপ্ন আছে। কিন্তু লোভী অন্তরগুলো আসলে এসব বিবেক-বিবেচনা করার টাইম পায় না!


উভয় পক্ষ মিলে একটা দিন ঠিক করল। সেদিনই মেয়েটা বধূ হয়ে স্বামীর বাড়ি গিয়ে উঠল। মেয়েটার সব স্বপ্ন ফিকে হয়ে গেল বাসর রাতেই। নামাজ-কালাম তো নেই; নবপরিণীতা স্ত্রীর কাছে আসার সুন্নাহ তরিকারও কোনো বালাই নেই। এমনকি কোনো প্রকার রোমান্টিকতাও নেই। ক্ষুধার্ত নেকড়ে যেভাবে নিরীহ হরিণীর ওপর ঝাঁপিয়ে পড়ে-এরচেয়ে ব্যতিক্রম কিছু মনে হলো না।


যত দিন যেতে লাগল, মেয়েটার কাছে তত পরিষ্কার হতে লাগল যে, তার স্বামী একাই শুধু দ্বীনহীন না; এই বাড়ির সবগুলো লোকই দ্বীনহীন। দ্বীনের ছিটেফোঁটাও এদের মধ্যে নেই। আবার টাকার জোর থাকায় এদের গরিমার পারদটাও বেশ উঁচু। গরিব কাউকে গোনায় ধরতে চায় না। গরিব ঘরের মেয়ে বলে তাকেও অবজ্ঞার নজরে দেখে।


তবে এসব মোটেও গায়ে মাখেনি মেয়েটি। সামাজিক জাহালাতের কারণে এই সমাজের বেশির ভাগ মেয়েকেই এসব লাঞ্ছনা ও বঞ্চনা সেক্রিফাইস করেত হয়। সামনে আসবে শুভদিন-এমন একটা আশা নিয়ে মুখ বুজে সব সহ্য করতে হয়। কিন্তু বিপত্তি বাঁধল মেয়েটা যখন দেখল-তার স্বামীটা শুধু দ্বীনহীন-ই না; রীতিমতো গাইরতহীনও বটে!


মেয়ে হাফেজা-আলেমা হওয়ায় দ্বীনের ব্যাপারে খুব সচেতন ছিল। শ্বশুরবাড়ির বৈরী পরিবেশেও সে হিমশিম খেয়ে হলেও দ্বীন রক্ষা করার চেষ্টা করে যেতে লাগল। কিন্তু সে যত দ্বীন রক্ষা করার চেষ্টা করে যাচ্ছিল, তত হিতে বিপরীত হতে শুরু করল! তার এই রক্ষণশীলতা মোটেও ভালো চোখে নিল না শাশুড়ি ও সে বাড়ির প্রতিটি সদস্য!


মেয়েটি তার দেবরদের সাথে পর্দা করার চেষ্টা করত বলে স্বামী ও শাশুড়ির মুখ থেকে রীতিমতো গালাগাল শুনতে হতো। শাশুড়ি বলত, মেয়েটা নাকি তার ছেলেদেরকে ভালো নজরে দেখতে পায় না; এজন্য দূরে দূরে থাকতে চায়! অথচ, সবগুলো দেবর ছিল বজ্জাত; আরও দশটা পরিবারের বেহায়া ভাবিদের মতো তার সাথেও কুরুচিপূর্ণ ভঙ্গিতে ইয়ার্কি মারতে চাইত!


দেবরদের উৎপাত এতটাই মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, ছোটো দেবরটা তার বেডরুমে পর্যন্ত যখন-তখন ঢুকে যেত! গায়ে হাত দিয়ে ইয়ার্কি মারার চেষ্টা করত! এমনকি গোসলখানায় গেলে লুচ্চাটা উঁকিঝুঁকি দিতে চেষ্টা করত! শুনতে বিশ্রী শুনালেও বলতে বাধ্য হচ্ছি, সারাদিন টো টো কোম্পানির ম্যানেজারের মতো বেকার।


ঘুরে বেড়ানো এই লুচ্চাটা একদিন মেয়েটাকে বলে, 'ভাবি! আজকে তো ভাইয়া বাসায় আসবে না; রুমের দরজাটা একটু খুলে রেখো, প্লিজ!'


কথাটা শোনার পর রীতিমতো গা শিউরে উঠল মেয়েটার। এ কী বলে লুচ্চাটা! মেয়ে সিদ্ধান্ত নিল-আর নয়; দেবরকে আর বাড়তে দেওয়া যাবে না; এখনই স্বামীকে জানাতে হবে তার ছোটো ভাইয়ের এসব কুকীর্তি।


স্বামী বাড়িতে এলে মেয়েটি স্বামীকে সব খুলে বলে। কিন্তু এখানেও হয় হিতে বিপরীত; বউয়ের মুখে ছোট ভাইয়ের বদনাম শুনে ঠাস করে বউয়ের গালে চড় বসিয়ে দেয় পাষণ্ড স্বামী! আর রাগে অগ্নিশর্মা হয়ে বলে, 'তোর সাহস তো কম না; আমার কাছে আমারই ভাইয়ের নামে যা তা বলিস!'


ছেলের ঘরে রাগারাগি আর থাপ্পড়ের আওয়াজ শুনে দৌড়ে আসে শাশুড়ি। সাথে আসে তার নাইয়রী মেয়ে। শাশুড়ি এসে ছেলেকে জিজ্ঞেস করে-কী হয়েছে? ছেলে সব খুলে বলে। শুনে শাশুড়ি কালনাগিনীর মতো ফুঁসতে ফুঁসতে পুত্রবধূর চুলের মুঠো ধরে মারতে থাকে। মায়ের সাথে তাল দেয় তার নাইয়রী বড় মেয়েও! এক পর্যায়ে চুলের মুঠো ছেড়ে দিয়ে শাশুড়ি বলে, 'ছোটোলোকের বাচ্চা, তোর কত বড় সাহস; আমার ছেলের নামে বদনাম রটাস?!'


বাড়িতে স্বামীর বড়ো বোন নাইয়র এসেছে। সাথে তার স্বামীও। খাবারের টেবিলে জামাইয়ের সাথে শ্যালকের বউকেও ডাকা হলো। একসাথে মিলেমিশে খাওয়ার জন্য। মেয়েটি মনে মনে আল্লাহকে বলতে লাগল, 'ওগো আল্লাহ! এ কী পরীক্ষায় ফেললেন আমাকে!' সে ইতস্তত করতে লাগল। যাবে কীভাবে, আবার না গেলে যে নির্যাতন শুরু হবে, সেটাই বা সইবে কেমনে! হুজুরনি বউকে ইতস্তত করতে দেখে তার স্বামী নিজে উঠে গিয়ে এক ঝটকায় টান মেরে এনে ডাইনিং টেবিলে দুলাভাইয়ের পাশে বসিয়ে দিলো!


তো ডাইনিং টেবিলে শুরু হলো দুলাভাইয়ের আলগা পিরিতের আরেক নমুনা। বেচারা নিজের বউকে রেখে বেশ ব্যতিব্যস্ত হয়ে পড়লেন শ্যালকের বউকে নিয়ে! নিজের পাতের মাছটা উঠিয়ে শ্যালকের বউয়ের পাতে দিতে দিতে আদিখ্যেতা দেখাতে শুরু করলেন। আলগা পিরিত দেখানোর পাশাপাশি এটা-ওটা গল্প করতে লাগলেন। অন্যদিকে টেবিলের নিচের দিকে বারবার শ্যালকের বউয়ের পায়ের সাথে নিজের পা দিয়ে গুঁতাগুঁতি করেই যাচ্ছিলেন। আর মেয়েটা লজ্জায় বারবার পা সরিয়ে নিচ্ছিল!


এখানেই শেষ নয়। সন্ধ্যার পর বাসায় বসল লুডু খেলার আসর। স্বামী, বড় ননদ (নাইয়রী মেয়ে), তার জামাই আর ঘরের বউ। মানে আমাদের আলোচিত পুত্রবধূ হাফেজা-আলেমা মেয়েটা! মেয়েটা এখানেও খেলতে রাজি ছিল না। কিন্তু জামাই মানে বড় ননদের স্বামী জোর করে টেনে এনে খেলতে বসায়। আর টেনেহিঁচড়ে নিয়ে আসার দৃশ্য প্রত্যক্ষ করছিল তার গাইরতহীন স্বামী! খেলতে বসে সকলেই লুডুর গুটি নিয়ে ব্যস্ত, আর জামাই ব্যস্ত শ্যালকের বউকে নিয়ে। লুডুর গুটি সরানোর ফাঁকে ফাঁকে সে মেয়েটির কোমরে স্পর্শ করতে শুরু করে! কখনো বাহু দিয়ে অশালীন কিছু করার চেষ্টা করে!


এক পর্যায়ে মেয়েটি সহ্য করতে না পেরে খেলা ভঙ্গ করে দিয়ে উঠে চলে যায়।


এরপরই সে জীবনের কঠিন সিদ্ধান্তটা নিয়ে নেয়, যা কিনা সব মেয়ে সহজে নিতে পারে না। সে সিদ্ধান্ত নেয়-এই বাড়িতে আর থাকা যাবে না। এই বাড়ির প্রতিটি সদস্য জাহিল, দ্বীনহীন, লুচ্চা, বদমাইশ। তবে সবচেয়ে বড় দ্বীনহীন হলো তার স্বামী। শুধু দ্বীনহীন-ই না; চরম পর্যায়ের গাইরতহীন সে। এই লোকটার ঘর করা যাবে না। ঘর করতে গেলে দ্বীন পুরোটাই মাটি হবে।


এরপর কয়েক দিন কেটে যায়। মেয়েটা শুধু সুযোগের অপেক্ষায় থাকে। যেকোনোভাবে সে নিজেকে এই জাহান্নাম থেকে মুক্ত করতে চায়। এতে যে যা বলার বলুক। মা-বাবা ঘরে জায়গা দিক বা না-দিক; তাতে তার কিছু যায় আসে না। তাকে তো তার দ্বীন রক্ষা করতেই হবে। একদিন রাতের বেলা সুযোগ পেতেই ঘর থেকে বেরিয়ে সে পলায়ন করে...।


বাগিচা থেকে একটি সুন্দর ফুল ছিঁড়ে ঘ্রাণ শুঁকে কিছুক্ষণ পর সেটা ছুড়ে ফেলে দিলে যেমন মানুষ পরিত্যক্ত সেই ফুলটা আর হাতে নেয় না, তেমনিভাবে আমাদের এই জাহিলি সমাজে একটা মেয়ের বিয়ে হওয়ার পর ডিভোর্স হলে তাকে আর কেউ বিয়ে করতে চায় না! সকলেই ভার্জিন বিয়ে করতে চায়! এমতাবস্থায় অল্প দিনের সুখের পর মেয়েটি দীর্ঘস্থায়ী এক দুঃখের সাগরে নিমজ্জিত হয়।


ভাগ্যবিড়ম্বিতা এই মেয়েকে আর কেউ সহজে বিয়ে করতে চাইবে না। শুধুমাত্র অভিভাবকের লোভের কারণে একটা মেয়ের জীবনটাই নষ্ট হয়ে গেল!


এছাড়াও ভাবি হলো মায়ের সমান/দেবর হলো ভাইয়ের মতো/ ছেলের মতো আরো কত কত উক্তি দিয়ে যায় আমাদের এই অন্ধ-মূর্খ্য সমাজ!!! 


দেবর/ভাবি এবং শালি/দুলাভাইয়ের সম্পর্ক গুলো এতো ভয়াবহ যা না বললেই নয়। 

আর স্বামী যদি হয় গাইরতহীন তাহলে তো এর পরিণতি আরো ভয়ংকর!! 


দ্বীনদার মেয়েদেরকে বলবো, পরিবারের চাপে হলেও এইধরনের পরিবারে বিয়ে করতে রাজি হবেন না। দিনশেষে আপনার দ্বীন আপনার কাছে, আপনার জীবনটা আপনারই। এখানে ভুলবশত কম্প্রোমাইজ করে নিজের জীবনটা শেষ করবেন নাহ!


আল্লাহ তায়ালা এরকম পরিবারের মানুষদের হিদায়েত দান করুক এবং সবাইকে উত্তম-দ্বীনদার জীবনসঙ্গী দান করুক।


আমিন

0 Comments